প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
টাকা না পেয়ে ক্যামব্রিয়ান কলেজের ছাত্র সুদীপ্ত রায়কে হত্যা, দুই আসামির স্বীকারোক্তি

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুদীপ্ত রায়কে (১৭) অপহরণের পর হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের জবানবন্দি রেকর্ডের আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর থানার বাগানবাড়ি চৌরাস্তা এলাকা থেকে দুই আসামি—আবদুল্লাহ ও জোনায়েদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ধ্যায় রাজধানীর শাহ আলী থানার দিয়াবাড়ি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় সুদীপ্তর মরদেহ।
পরিবারের ভাষ্যমতে, সুদীপ্ত ক্যামব্রিয়ান কলেজের জগন্নাথপুর শাখার একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং ভাটারার শহীদ আবদুল আজিজ সড়কের কলেজ হোস্টেলে থাকতেন। ৭ নভেম্বর বিকেল পৌনে চারটার দিকে বাইরে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন।
সুদীপ্তর বাবা হিমাংশু কুমার রায় ৮ নভেম্বর ভাটারা থানায় অপহরণের অভিযোগ করেন। পরে মরদেহ উদ্ধারের পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। মামলার অভিযোগে বলা হয়, ৭ নভেম্বর রাত পৌনে তিনটার দিকে সুদীপ্তর মোবাইল থেকে তার মায়ের ফোনে কল করে অপহরণকারীরা ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং টাকা না দিলে হত্যা করার হুমকি দেন। আলোচনার একপর্যায়ে পরিবার জানায়, তারা ৫ লাখ টাকা দিতে পারবেন। অপহরণকারীরা টাকা ময়মনসিংহে পৌঁছে দিতে বলেন, কিন্তু রাত হয়ে যাওয়ায় পরিবার যেতে পারেনি। টাকা না পেয়ে অপহরণকারীরা সুদীপ্তকে হত্যা করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Siraat News